← More articles

April 8, 2026

আপনার সন্তানের মস্তিষ্ক সবচেয়ে দ্রুত বাড়ে প্রথম ৫ বছরে

একটি নবজাতক শিশুর মস্তিষ্ক পূর্ণবয়স্কের মাত্র ২৫%, আর মাত্র ৫ বছরেই সেটা পৌঁছায় ৯০%-এ। এই প্রথম বছরগুলোই শিশুর সারাজীবনের বুদ্ধিমত্তা, আবেগ আর সামাজিকতার ভিত্তি তৈরি করে। খেলা কীভাবে এই বিকাশে ভূমিকা রাখে? বিজ্ঞান কী বলছে, জানুন এই পোস্টে।

আপনার সন্তানের মস্তিষ্ক সবচেয়ে দ্রুত বাড়ে প্রথম ৫ বছরে

আপনার সন্তানের মস্তিষ্ক সবচেয়ে দ্রুত বাড়ে প্রথম ৫ বছরে

আপনি কি জানেন, একটি নবজাতক শিশুর মস্তিষ্ক একজন পূর্ণবয়স্ক মানুষের মস্তিষ্কের মাত্র ২৫% আকারের হয়?

জন্মের প্রথম বছরেই এটি দ্বিগুণ হয়ে যায়। ৩ বছর বয়সে পৌঁছায় প্রায় ৮০%-এ। আর ৫ বছর বয়সে ৯০%। প্রায় পূর্ণবয়স্কের কাছাকাছি। (সূত্র: First Things First, citing Harvard Center on the Developing Child)

এই বিকাশ হয় বাইরের পৃথিবীর সাথে মিলে।

খেলার সাথে মিলে।

আপনার সাথে মিলে।

এই পোস্টটা একটু লম্বা। কিন্তু পড়লে বুঝবেন আপনার সন্তান এখন কী করছে, সেটা কতটা গুরুত্বপূর্ণ।


মস্তিষ্কের গল্পটা শুরু হয় গর্ভেই

গর্ভাবস্থার মাত্র তৃতীয় সপ্তাহে শিশুর মস্তিষ্কের কোষ তৈরি হতে শুরু করে। জন্মের সময়, একটি শিশুর মস্তিষ্কে থাকে প্রায় ১০০ বিলিয়ন নিউরন(সূত্র: NCBI Bookshelf, Discovering the Brain)

তাহলে সমস্যা কোথায়?

সমস্যা হলো connection-এ। এই নিউরনগুলো তখনও একে অপরের সাথে ঠিকমতো যুক্ত না। মস্তিষ্ক কাজ করে নেটওয়ার্কের মতো, এবং সেই নেটওয়ার্ক তৈরি হয় অভিজ্ঞতার মাধ্যমে।

প্রতিটি নতুন অভিজ্ঞতা মানে একটি নতুন সংযোগ।

প্রতিটি পুনরাবৃত্তি মানে সেই সংযোগকে শক্তিশালী করা।


Neuroplasticity মস্তিষ্কের সবচেয়ে বড় ক্ষমতা

Neuroplasticity মানে হলো মস্তিষ্কের নিজেকে পরিবর্তন করার ক্ষমতা। নতুন কিছু শিখলে, নতুন পরিবেশে গেলে, নতুন সমস্যার সমাধান করলে মস্তিষ্ক নিজেকে পুনর্গঠিত করে।

এই ক্ষমতা সারা জীবনই থাকে। কিন্তু ০ থেকে ৫ বছরে এটি সর্বোচ্চ পর্যায়ে থাকে।

Harvard University-র Center on the Developing Child বলছে — জীবনের প্রথম বছরগুলোতে প্রতি সেকেন্ডে ১ মিলিয়নেরও বেশি নিউরাল সংযোগ তৈরি হয়। (সূত্র: developingchild.harvard.edu/key-concept/brain-architecture)

প্রতি সেকেন্ডে। দশ লাখেরও বেশি।

আপনার শিশু যখন একটা ব্লক তুলে আবার নামিয়ে রাখছে — সেই মুহূর্তে তার মস্তিষ্কে একটা ছোট বিপ্লব হচ্ছে।


"Serve and Return" সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলাটা হয়তো আপনি প্রতিদিনই খেলছেন

বিজ্ঞানীরা শিশুর মস্তিষ্ক গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রক্রিয়াটি চিহ্নিত করেছেন, তার নাম "Serve and Return"(সূত্র: Harvard Center on the Developing Child)

টেনিসের মতো ভাবুন:

  • শিশু একটা শব্দ করলো (serve)

  • আপনি সেই শব্দ অনুকরণ করলেন বা হাসলেন (return)

  • শিশু আবার কিছু করলো

  • আপনি আবার সাড়া দিলেন

এই ছোট ছোট আদান-প্রদানগুলো মস্তিষ্কের সার্কিট তৈরি করে। ভাষা, আবেগ নিয়ন্ত্রণ, সামাজিকতা — সবকিছুর ভিত্তি এই Serve and Return।

আপনি যখন আপনার ৬ মাসের শিশুর সাথে "আবু আবু" খেলছেন — আপনি আসলে তার মস্তিষ্ক গড়ে দিচ্ছেন।


তাহলে খেলনার ভূমিকা কোথায়?

এখানেই প্রশ্নটা আসে।

অনেক বাবা-মা মনে করেন খেলনা মানে শুধু শিশুকে ব্যস্ত রাখা। কিন্তু সঠিক বয়সের সঠিক খেলনা আসলে একটি শেখার পরিবেশ তৈরি করে।

ধরুন একটি ১৮ মাসের শিশুকে আপনি একটি shape sorter দিলেন। সে বারবার চেষ্টা করছে গোল ছিদ্রে চারকোনা টুকরো ঢোকাতে। কাজ হচ্ছে না। আবার চেষ্টা করছে।

এই মুহূর্তে সে কী শিখছে?

  • Problem solving — সমস্যা আছে, সমাধান খুঁজতে হবে

  • Cause and effect — এই কাজটা করলে এই ফল হয়

  • Frustration tolerance — না পারলেই ছেড়ে দেওয়া যাবে না

  • Spatial reasoning — আকার, আকৃতি, জায়গা নিয়ে চিন্তা করা

একটি shape sorter। এতগুলো শিক্ষা।


বয়স অনুযায়ী মস্তিষ্কের বিকাশ — একটি সহজ মানচিত্র

০-৬ মাস: ইন্দ্রিয়ের জগৎ। দেখা, শোনা, স্পর্শ করা। এই সময় শিশুর মস্তিষ্ক পৃথিবীটা কী তা বোঝার চেষ্টা করছে। রঙিন জিনিস, শব্দ করে এমন জিনিস, এবং মুখের অভিব্যক্তি — এগুলোই তার শিক্ষা।

৬-১২ মাস: কার্যকারণ সম্পর্ক বোঝার শুরু। "আমি এটা করলে ওটা হয়" — এই আবিষ্কারটা এই বয়সেই শুরু হয়। র‍্যাটেল, টেক্সচারের খেলনা, মুখ দিয়ে অন্বেষণ — সব স্বাভাবিক।

১-২ বছর: হাঁটা শুরু। স্বাধীনতার স্বাদ। এই বয়সে শিশু পুশ-পুল খেলনা, স্ট্যাকিং রিং, সহজ পাজল নিয়ে বেশি আগ্রহী হয়। হাতের কাজ মানে মস্তিষ্কের কাজ।

২-৩ বছর: কল্পনাশক্তির উন্মেষ। "Pretend play" শুরু হয়। পুতুলকে খাওয়ানো, রান্না রান্না খেলা — এগুলো নিছক খেলা নয়, সামাজিক বোঝাপড়ার চর্চা।

৩-৫ বছর: ভাষা বিস্ফোরণ। প্রশ্নের ঢল। "কেন?", "কীভাবে?" — এই বয়সের শিশু একজন দার্শনিক। বই, গল্প বলার খেলনা, এবং নির্মাণ খেলনা (blocks, Lego) এই বয়সে অসাধারণ কাজ করে।


যে ভুলটা আমরা প্রায়ই করি

আমরা ভাবি — শিশুকে স্ক্রিনের সামনে বসিয়ে দিলে সে "শিখছে"। রঙিন কার্টুন দেখছে, গান শুনছে — ক্ষতি কী?

সমস্যা হলো, স্ক্রিন Serve and Return করে না।

স্ক্রিন একমুখী। শিশু দেখে, কিন্তু স্ক্রিন সাড়া দেয় না তার আবেগে। সে হাসলে স্ক্রিন হাসে না। সে কাঁদলে স্ক্রিন থামে না।

মস্তিষ্কের বিকাশের জন্য দরকার দ্বিমুখী অভিজ্ঞতা — খেলনার সাথে, মানুষের সাথে, পরিবেশের সাথে।

(স্ক্রিন টাইম নিয়ে আমরা সামনে আলাদা একটি বিস্তারিত পোস্ট করব।)


সবশেষে

আপনার সন্তান এখন যা করছে — মাটিতে গড়াচ্ছে, জিনিস ছুঁড়ে মারছে, একই খেলনা বারবার মুখে দিচ্ছে — এগুলো "বদমাশি" নয়।

এগুলো গবেষণা।

সে পৃথিবীটাকে বুঝতে চাইছে। আর তার মস্তিষ্ক, প্রতিটি অভিজ্ঞতায়, একটু একটু করে নিজেকে তৈরি করছে।

আপনার কাজ হলো সেই অভিজ্ঞতার জায়গাটা তৈরি করে দেওয়া।


আগামীকাল: Unstructured play vs structured play — কোনটা আপনার সন্তানের জন্য বেশি দরকার? বিজ্ঞান কী বলছে?


খেলনা ঘর | Khelna Ghor — বাংলাদেশের প্রথম শিশু খেলনা সাবস্ক্রিপশন সার্ভিস

আমরা বিশ্বাস করি, সঠিক খেলনা শিশুর সম্ভাবনা বদলে দিতে পারে।